সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত রোববার চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন।
সোমবার তিনি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া ২০২৬’ প্রদর্শনী পরিদর্শন করেন।
এশিয়ার বৃহত্তম এই প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং উন্নত নিরাপত্তা সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।
এ ছাড়া মঙ্গলবার তিনি ‘অষ্টম পুত্রজায়া ফোরাম’-এ অংশগ্রহণ করবেন। উক্ত ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত কৌশল নিয়ে আলোচনা হবে।
সফরকালে মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।


