সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, তার পরিবার ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৮৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা স্পেশাল জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান।
আবেদন সূত্রে জানা যায়, এসব হিসাবের মোট স্থিতি ১৭ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৪৩৯ টাকা।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তানভীর শাকিল জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের মাধ্যমে তার নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে লেনদেন পরিচালনা করে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনপূর্বক মানিলন্ডারিংয়ের অভিযোগটি অনুসন্ধানাধীন।
অনুন্ধানকালে প্রাপ্ত/সংগৃহীত তথ্যাদি ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট (১) তানভির শাকিল জয়, সাবকে সংসদ সদস্য, সিরাজগঞ্জ-১, তার স্ত্রী (২) সাবরিনা সুলতানা চৌধুরী, মা (৩) লায়লা আরজুমান্দ, ভাই (৪) তমাল মনসুর এবং তার স্বার্থ সংশ্লিষ্ট (৫) মীর মোশাররফ হোসেন, সাবেক স্বরাষ্ট্র, ডাক, তার ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিমের একান্ত সচিব এবং তার নামীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে সর্বমোট ৮৬টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বর্ণিত হিসাবে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে ব্যাংক হিসাবসমূহে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।


