লামিন ইয়ামাল স্বীকার করেছেন বিশ্বকাপে এখন পুরো একটি ম্যাচ খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত নন। তবে অল্প সময়ের জন্য হলেও মাঠে নামতে যে তিনি তৈরি, সে কথাও জোর দিয়ে বলেছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার।
আগামী রোববারের সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে মূলত নিজেদের বিশ্বকাপ মিশনকে সঠিক ট্র্যাকে ফেরাতে চাইছে স্পেন।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল ইয়ামালকে। ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের হতাশাজনক ০-০ ড্রয়ের ম্যাচটিতে বদলি হিসেবে শেষ ২৫ মিনিট মাঠে খেলেছিলেন ১৮ বছর বয়সী এই তারকা। তার মাঠে ফেরার প্রক্রিয়াটি বেশ সতর্কতার সঙ্গে সামলানো হলেও সৌদি আরব ম্যাচের আগে ইয়ামালের কণ্ঠে শোনা গেল ইতিবাচক সুর।
স্প্যানিশ পাবলিক টেলিভিশন টিভিইকে ইয়ামাল বলেন, ‘আমি ভালো আছি, ভালো বোধ করছি। তবে এখনই পুরো ম্যাচ খেলা বড্ড তাড়াহুড়ো হয়ে যাবে এবং এর কোনো প্রয়োজনও নেই। এখনো মানিয়ে নিচ্ছি পুরো একটি ম্যাচ খেলার জন্য এটি সঠিক সময় নয়। তবে কোচ আমাকে যতক্ষণের জন্য চাইবেন, ততটুকু খেলতে পারব। মাঠে থাকতে চাই। দিনশেষে, আপনি যখন জানেন যে ৯০ মিনিট খেলতে পারবেন না, তখনও আপনি মাঠে নেমে দলকে সাহায্য করতে চাইবেন।’
ক্লাব সিজনের শেষ দিকে এই চোট স্বাভাবিকভাবেই তার মনে কিছুটা চাপ তৈরি করেছিল উল্লেখ করে ইয়ামাল বলেন, ‘সিজনের শেষ দিকে যেকোনো খেলোয়াড়েরই ইনজুরি হলে বিশ্বকাপের কথা মাথায় আসে। ক্লাবের কথাও আসে, তবে বিশ্বকাপ সবসময়ই মনের ভেতর থাকে। ইনজুরির খবর শোনার পর, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে চিকিৎসকরা আমাকে বলেছিলেন আমি প্রস্তুত হয়ে যাব। আর এখন আমরা এখানে আছি, ভালো আছি। আশা করি আর কখনো ইনজুরিতে পড়ব না।’
২০২৪ সালে স্পেনের রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে কেন্দ্রীয় ভূমিকা রাখা ইয়ামাল কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ার পর ধেয়ে আসা সমালোচনাকে বেশ সহজভাবেই নিয়েছেন। আতঙ্কিত না হয়ে বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এসব পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই শ্রেয়। একটা ড্র নিয়ে একটু বেশিই শোরগোল হচ্ছে, কিন্তু দিনশেষে প্রথম রাউন্ডে অনেক বড় বড় দলই ধুঁকেছে; তার মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে। অবশ্যই সামনের ম্যাচে আমাদের জিততে হবে। কারণ আমরা অন্যতম ফেভারিট, তবে তার মানে এই নয় যে একটি ম্যাচ ড্র করায় আপনি বিশ্বকাপের সবচেয়ে বাজে দলে পরিণত হয়ে গেছেন।’
কেপ ভার্দের বিপক্ষে স্পেনের আক্রমণভাগের ধারহীন পারফরম্যান্স একটি সুসংগঠিত রক্ষণব্যুহ ভাঙার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কত দ্রুত তাদের সেরা ছন্দ খুঁজে পাবে, তা অনেকটাই নির্ভর করছে ইয়ামালের ফিটনেসের ওপর। রবিবারের ম্যাচে একটি জয় গ্রুপের শেষ ম্যাচের আগে স্পেনের ওপর থেকে অনেকটা চাপ কমিয়ে দেবে।


