দেশে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও সাতটি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩১ জন শিশু। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের তথ্য রেকর্ড করা হয়।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সর্বশেষ নিয়মিত প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও, ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো শিশু মারা যায়নি।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৫টি শিশু প্রাণ হারিয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৭৩৮টি শিশু মারা গেছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ৯২৫ জন। এই সময়ের মধ্যে ৮৭৮টি শিশু নতুন করে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৩২ জনের।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ৮৫ হাজার ১২২ জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছে।


