২৪৬ উইকেট নিয়ে সাকিব আল হাসান এতদিন একাই ছিলেন চূড়ায়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারির তকমাটা ছিল তারই গায়ে। কিন্তু তার পেছনে ধাপে ধাপে এগোচ্ছিলেন তাইজুল ইসলাম। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সাকিবকে ছুঁয়ে ফেললেন এই বাঁহাতি স্পিনার। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৫.৩ ওভার বল করে ৬ মেইডেনসহ ৭৬ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এই বোলিং স্পেলেই তাইজুল হয়েছেন টেস্টে বাংলাদেশের যুগ্ম সর্বোচ্চ উইকেটশিকারি।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন তাইজুল শেষ করেছিলেন এক উইকেট নিয়ে। তার বলে এলবিডব্লিউ হয়েছিলেন হ্যারি টেক্টর। তৃতীয় দিন নিয়েছেন বাকি ৩ উইকেট। সকালে ভূমিকম্পের প্রভাবে মিনিট তিনেক খেলা বন্ধ থাকার পর ৫৯তম ওভারে বোলিংয়ে এসে তিন বলের ব্যবধানে ফেরান স্টিফ্যান ডোহেনি ও অ্যান্ডি ম্যাকব্রাইনকে। ৪৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকা আইরিশদের শেষ উইকেটটাও নিয়েছেন তাইজুল। তার ফুল লেংথে পিচ করা বলে রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে খালেদ আহমেদের হাতে ক্যাচ দেন ম্যাথু হামফ্রিস।
বাংলাদেশের যুগ্ম সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হতে সাকিবের লেগেছিল ১২১ ইনিংস। তাইজুল সেই রেকর্ড ছুঁলেন ১০১ ইনিংসে। ৫৬ ম্যাচের ৯৭ ইনিংসে মেহেদী হাসান মিরাজের শিকার ২০৯ উইকেট। চতুর্থ অবস্থানে থাকা সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক ৩৩ ম্যাচে নেন ১০০ উইকেট। শীর্ষ পাঁচ বোলারের মধ্যে একমাত্র পেসার মাশরাফি বিন মুর্তজা। ৩৬ ম্যাচে ৭৮ উইকেট বাংলাদেশের সাবেক এই অধিনায়কের।
মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচে তাইজুলের সাথে হাসান মুরাদ ও খালেদ আহমেদের নেয়া দুটি করে উইকেটে আইরিশরা প্রথম ইনিংসে অল আউট হয়েছে ২৬৫ রানে। পিছিয়ে থাকায় ফলো অন করানো সুযোগ থাকলেও আইরিশদের আবার ব্যাটিংয়ে নামাননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ।


