ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও তাদের এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সাঈদ খোকন ও শাহানা হানিফের বাবা মোহাম্মদ হানিফ ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, শাহানা হানিফ ও সাঈদ খোকন ‘সাইদ খোকন প্রোপার্টিজ লিমিটেড’-এর বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে লেনদেনের মাধ্যমে লেয়ারিং প্রক্রিয়ায় অবৈধ অর্থপাচার করেন। তারা সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকের মোট সাতটি অপারেটিভ ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৪ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৩০৪ টাকা স্থানান্তর ও লেনদেন করেন।
দুদক বলছে, শাহানা হানিফ ব্যাংক হিসাব খোলার সময় নিজের পেশা, আয় এবং পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। তার ভাই সাঈদ খোকন, যিনি সরকারি কর্মচারী হিসেবে দায়িত্বে ছিলেন, তার ম্যানেজার রাজু আহমেদের সঙ্গে যোগসাজশে এই অর্থ লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
সিটি ব্যাংকের বনানী লেকভিউ শাখা, এক্সিম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় শাহানা হানিফ ও সাইদ খোকন প্রোপার্টিজ লিমিটেডের নামে একাধিক সঞ্চয়ী, এসএনডি ও এফডিআর হিসাব খোলা হয় বলে জানিয়েছে দুদক। আর এসব হিসাবের মাধ্যমে বারবার অর্থ স্থানান্তর করে মানি লন্ডারিং করা হয়।
এসব অপরাধে সাঈদ খোকন, শাহানা হানিফ ও সাঈদ খোকন প্রোপার্টিজের ম্যানেজার রাজু আহমেদের নামে দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।


