চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’–এর ট্রেলার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (৯ এপ্রিল)। ট্রেলার দেখে বোঝা যায়, গল্পের কেন্দ্রীয় চরিত্র আইরিন, যিনি একজন চিকিৎসক। এই চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। তিনি চা বাগানে গিয়ে সেখানকার শ্রমিকদের চিকিৎসা সেবা দেন। শুরু থেকেই তার পাশে দেখা যায় রবিন চরিত্রকে, যেটিতে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ।
গল্প এগোতে থাকলে যুক্ত হন নন্দিনী (সারাহ জেবীন অদিতি) এবং মিঠু (পার্থ শেখ)সহ আরও কিছু চরিত্র। তবে কেন এবং কীভাবে তাদের এই একসঙ্গে পথচলা—সেই প্রশ্নের উত্তর মিলবে পুরো চলচ্চিত্রে। ট্রেলারের সংলাপ ও দৃশ্য থেকে স্পষ্ট, প্রান্তিক মানুষের বঞ্চনা, স্বপ্ন আর সংগ্রামের বাস্তবতা এখানে গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে।
পয়লা বৈশাখ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল রাত ১২টা থেকে চরকিতে মুক্তি পাবে চলচ্চিত্রটি। সাইফুল্লাহ রিয়াদের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। নির্মাতা জানান, চা বাগানকে শুধু ব্যাকড্রপ হিসেবে নয়, বরং এর ভেতরের জীবন, বৈচিত্র্য ও বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কুলাউরার চা বাগানে গিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করেছেন তারা।
অভিনেত্রী সাফা কবির বলেন, এটি প্রান্তিক মানুষের গল্প—যাদের সংগ্রাম আমরা খুব কমই দেখি। তার মতে, চলচ্চিত্রটি সমতা, সহমর্মিতা এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা বহন করে। অন্যদিকে, নন্দিনী চরিত্র নিয়ে সারাহ জেবীন অদিতি জানান, এটি একজন সাধারণ তরুণীর আত্ম-আবিষ্কারের গল্প, যেখানে তার শক্তি ও সম্ভাবনার যাত্রা ফুটে উঠেছে।
রবিন চরিত্র প্রসঙ্গে রেজওয়ান পারভেজ বলেন, এটি চা শ্রমিকদের প্রতিনিধি—যাদের চাহিদা কম, কিন্তু জীবনে সরলতা ও আবেগ প্রবল। আর মিঠু চরিত্রে অভিনয় করা পার্থ শেখ মনে করেন, গল্পের দর্শন চা গাছের মতো—যেখানে কিছু অর্জনের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়।
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু। অক্সফাম–এর সহায়তায় নির্মিত এ চলচ্চিত্রে অংশীদার হিসেবে রয়েছে রবি ।


