শিক্ষা ও শিল্পের সংযোগ বিষয়ক বিশেষ এক ফোরাম আয়োজন করেছিল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেস।
শনিবার ইউল্যাব ক্যাম্পাসে ‘লিংকিং মাইন্ডস: একাডেমিয়া, অ্যালামনাই ও ইন্ডাস্ট্রি’ শীর্ষক এই ফোরামে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা।
শিক্ষাকে বর্তমান দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিভিন্ন দিক নিয়ে এই ফোরামে আলোচনা হয়।
ফোরামের উদ্বোধনী বক্তব্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা উদ্ভাবন, পরিবর্তনশীল প্রতিযোগিতামূলক পরিবেশে মানিয়ে চলার দক্ষতা এবং শিল্পের সঙ্গে শিক্ষার সংযোগের গুরুত্ব তুলে ধরেন।
এরপর স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. সরওয়ার উদ্দিন আহমেদ শিক্ষাক্রমকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।
সেশনটি পরিচালনা করেন স্কুল অব বিজনেসের সিনিয়র লেকচারার আরজু ইসমাইল।
আলোচনার মূল বিষয় ছিল শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তি এবং বাস্তবমুখী প্রজেক্টের সম্প্রসারণ।
অংশগ্রহণকারীরা মনে করেন, ফোরামটি মেন্টরশিপ, ইন্টার্নশিপ এবং শিক্ষাক্রম–শিল্প সমন্বয়কে আরও শক্তিশালী করার পথ সুগম করেছে।


