মেট গালায় অনুপস্থিত থাকলেও, নতুন ছবি ‘কিং’ ঘিরে আলোচনার কেন্দ্রেই রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। দক্ষিণ আফ্রিকার এক সমুদ্রসৈকতে ছবিটির রোমান্টিক গানের শুটিং করতে গিয়ে এবার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছেন এই জনপ্রিয় জুটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, সূর্যাস্তের সোনালি আলোয় সমুদ্রসৈকতে রোমান্টিক আবহে গানের দৃশ্য ধারণ করছেন শাহরুখ ও দীপিকা। হালকা রঙের পোশাকে দুজনকে একে অপরের দিকে হেঁটে আসতে এবং কোরিওগ্রাফির সঙ্গে মিলিয়ে নাচতে দেখা যায়। পুরো দৃশ্যজুড়ে ছিল সিনেমাটিক রোমান্সের ছাপ, যা ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, একটি শট নিখুঁতভাবে ধারণ করতে একই নাচের স্টেপ কয়েকবার পুনরায় করতে হয়েছে দুই তারকাকে। মাঝে মাঝে শুটিং থামিয়ে আগের অবস্থানে ফিরে গিয়ে নতুন করে দৃশ্য ধারণও করতে দেখা যায় তাদের।
শুটিংয়ের সময় সমুদ্রসৈকতের একটি অংশ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হলেও কৌতূহলী দর্শকদের ভিড় সামলানো যায়নি। দূর থেকে অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন, আর সেগুলোই পরে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ‘কিং’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় ভক্তদের মধ্যে।
জানা গেছে, গত সপ্তাহেই ‘কিং’-এর শুটিংয়ে অংশ নিতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন শাহরুখ ও দীপিকা। নির্মাতারা ছবির কাজ শুরু করেছেন একটি রোমান্টিক গান দিয়েই।
ফাঁস হওয়া ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি গানের সুরও শোনা গেছে। নেটিজেনদের একাংশের ধারণা, সেটি হয়তো ইডি শেহরানের কোনো জনপ্রিয় গানের অংশ। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে শুটিং সেটের ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ছবিটির পরিচালক সির্দ্ধাত আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অনুরোধ জানান, ‘কিং’-এর কোনো ফাঁস হওয়া ভিডিও বা ছবি যেন কেউ শেয়ার না করেন। তার ভাষায়, দর্শকদের জন্য সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা নিশ্চিত করতে পুরো টিম নিরলসভাবে কাজ করছে, তাই বড় পর্দার চমক আগেভাগে প্রকাশ না করাই ভালো।
উল্লেখ্য, ‘কিং’কে ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত বলিউড সিনেমা হিসেবে দেখা হচ্ছে। শাহরুখ-দীপিকা জুটি এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘পাঠান’-এর মতো একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।
আগামী ২৪ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে ‘কিং’-এর। একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভেঞ্চার: ডোমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’–এর মতো বড় বাজেটের হলিউড সিনেমাও। ফলে বছরের শেষ দিকে বক্স অফিসে জমজমাট প্রতিযোগিতার আভাস মিলছে।


