ঢাকার কামরাঙ্গীরচের কয়লাঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় এক কিশোর কর্মচারীর পায়ুপথে বাতাস ঢোকানো হয়েছে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী কিশোরের নাম তানভীন, তার বয়স ১৪ বছর।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচরের কয়লারঘাটে মোস্তফা প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে তানভীরের সহকর্মী মো. মামুন বলেন, ‘সন্ধ্যায় অপর দুই কিশোর কর্মচারী দুষ্টুমির ছলে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে তানভীরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তানভীর গুরুতর অসুস্থ হয়ে পড়ে।’
তিনি জানান, দ্রুত তাকে মিটফোর্ড হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
তানভীরের বাবা মানিক মিয়া জানান, তাদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পালকিনি গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর কয়লার ঘাট রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তারা। সন্ধ্যায় জানতে পারেন, কারখানার কয়েকজন কর্মচারী তানভীরের পায়ুপথে কম্প্রেশার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দিয়েছে। পরে তিনি হাসপাতালে গিয়ে ছেলেকে দেখতে পান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে অসুস্থ অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


