বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে ‘প্রযুক্তিনির্ভর মানবিক সামাজিক বাহিনী’ হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা দিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা দিতেও এই বাহিনী ভূমিকা রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যগণ সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে।
যে কোনো দেশেই সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্য পালনীয় নীতি ‘চেইন অব কমান্ড’ এমন মন্তব্য করে তিনি বলেন, এই দুইটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খলবাহিনী হয়ে উঠতে পারে না।
দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার-ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ‘ফাস্ট রেসপোন্ডার’ স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে জানিয়ে তিনি বলেন, ‘বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে এই বাহিনীর সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়বদ্ধতা দৃষ্টান্তমূলক। একইসঙ্গে রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মতোপরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমেও এই বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা টেকসই উন্নয়নের পথে এগোচ্ছেন।
এর আগে সফিপুরে আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।


