যশোর-৫ (মনিরামপুর) আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনকে বাদ দিয়ে ইসলামী ঐক্যজোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। বুধবার বিকালে মনিরামপুর উপজেলা শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল থেকে বিএনপির হাইকমান্ডকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানানো হয়। মিছিলে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ইসলামী ঐক্যজোট নেতা মুফতি রশিদ বিন ওয়াক্কাসের কোন ভূমিকা ছিল না। তার কোনো জনপ্রিয়তাও নেই। এই আসনটি জয়ী হতে হলে বিএনপি নেতা সাবেক পৌর মেয়র শহীদ মো. ইকবাল হোসেনের মনোনয়ন বহাল করতে হবে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই ও সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুক্তার হোসেন ও ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ থেকে দলটির নেতারা বলেন, সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী ২৬ ডিসেম্বর থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা বৈঠক করে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
গত ৪ ডিসেম্বর বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত মনোনয়ন তালিকায় যশোর-৫ আসনে শহীদ মো. ইকবাল হোসেনকে মনোনয়ন দেয় বিএনপি। বুধবার বিকেলে সেটি পরিবর্তন করে ইসলামী ঐক্যজোটের রশিদ ওয়াক্কাসকে মনোনয়ন দেয়া হয়েছে।


