ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় যাত্রীসেবা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে কুমিল্লার র্যাব-১১।
ঈদ উৎসব ঘিরে বিপণিবিতান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে জনসাধারণের সমাগম অন্যান্য সময়ের তুলনায় বেড়ে যায়। এ সুযোগে চোর, ছিনতাইকারী ও ডাকাত চক্রের সক্রিয়তাও বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার টহল কার্যক্রম পরিচালনা করছে র্যাব।

গভীর রাত পর্যন্ত কান্দিরপাড়, পদুয়ার বাজার বিশ্বরোড, কোটবাড়ী বিশ্বরোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
র্যাব-১১ উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবহন কাউন্টারগুলোতে প্রকৃত ভাড়া আদায় এবং যাত্রীসেবার মান বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হচ্ছে।
এ ছাড়া সম্ভাব্য নাশকতা প্রতিরোধ, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।


