যশোরের সার্কিট হাউজে ‘অতিরিক্ত সচিব’ পরিচয় দিয়ে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার সময় মো. আব্দুস সালাম নামের এক প্রতারককে আটক করেছে জেলা প্রসাশন। বুধবার দুপুরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, আটক আব্দুস সালাম (৬৭) মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের বাসিন্দা। তিনি গত তিন মাসে তিনবার সার্কিট হাউজে উঠেছেন। এসময় তিনি নিজেকে রংপুরের জেলা প্রশাসক আবার কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিয়েছেন।
সার্কিট হাউজে এসে তিনি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার জন্য বরাদ্দকৃত সব ধরনের সুযোগ-সুবিধা নিতেন বলে জানিয়েছে সার্কিট হাউজ কর্তৃপক্ষ। তার আচরণ ও পরিচয় সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে ভুয়া পরিচয়ের বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ ধরনের প্রতারণা শুরুর আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।
প্রতারক আব্দুস সালামকে আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার।


