টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বিষয়টি নিশ্চিত করেন।
তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের সবার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফৌজিয়া হাবিব জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা সেতু সংযোগ মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্ত চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাদের সবার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে।

টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার শুরু করি। ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


