কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন লাগার ঘটনায় আশপাশে ২০০ মিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
উপজেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল সেতুসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর পর গ্যাস নির্গত হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা দেখা দেওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি কারিগরি দল ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করে। এ সময় দলটি পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেয়।
আদেশে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগুনের উৎস ও আশপাশের এলাকাকে বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই বা লাইটার ব্যবহারসহ স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে; এমন সব কার্যক্রম নিষিদ্ধ করা হলো। জননিরাপত্তার স্বার্থে আগুনের উৎস থেকে আনুমানিক ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’
আদেশে আরও উল্লেখ করা হয়, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে আগুনের শিখা বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুইদিন পর বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।


