ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু দক্ষিণ থানার নাওডোবা এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম হাওলাদার পটুয়াখালীর দুমকি উপজেলার আব্দুস সাত্তার হাওলাদারের ছেলে।
জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল স্টার এক্সপ্রেসের পেছনে ধাক্কা দেয়। এতে এনা পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। অন্য বাসটির পেছনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। এনা পরিবহনের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত আটজন।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী মো. শামীম হাসান বলেন, ‘দুটি বাসই ঢাকার দিকে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে এনা পরিবহনের বাসটি দ্রুতগতিতে এসে সামনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসই দুমড়েমুচড়ে যায়। আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করেন। একজনের মরদেহও উদ্ধার করা হয়।’
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, ‘দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে তিনি কোন বাসের যাত্রী ছিলেন, তা জানা যায়নি। দুটি বাসই ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত বাস দুটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।’


