লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে ঘর থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
তারা হলেন, ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা। আটক ইব্রাহিম ছুট্টু সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের ছেলে। অন্যদিকে, মাসুদ রানা বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের ছেলে।
বুধবার রাতে পাবর্তীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি বলেন, বুধবার দুপুরে পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় খোরশেদকে গুলি করে হত্যা করা হয়। একই এলাকার ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহিম ছুট্টু, কামরুল, বাচ্চু, হিরু, জহিরসহ আরও পাঁচ-ছয়জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। পাশাপাশি অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য যে, খোরশেদ আলম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। রাজনীতি করার কারণে আওয়ামী লীগের আমলে বেশ কয়েকটি মিথ্যা মামলায় কারাবরণ করেন খোরশেদ। ৫ আগস্টের পর জামিনে এসে এলাকায় মাটির ব্যবসা করতেন তিনি। এই মাটির ব্যবসা নিয়ে মোরশেদ আলম ও মজিদ হোসেন গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই বুধবার দুপুরে খোরশেদ আলমকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির পাশে দিলশাদপুর খাঁনের বাড়িতে নিয়ে বুকে একাধিক গুলি করে হত্যা করে তারা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।


