ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মোটরসাইকেল তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের বিরুদ্ধে পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় জড়িত লিয়নকে (২৮) আটক করা হয়েছে।
শুক্রবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌর এলাকার পাগলপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবলের নাম ইজাউল হক ভুঁইয়া।
আবদুল্লাহ আল মামুন জানান, জড়িত লিয়নকে আটক করা হয়েছে। লিয়নের বাবা স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক মো. রুহুল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য হালুয়াঘাট থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার জামগড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক মো. রুহুল আমীনের ছেলে লিয়নের মোটরসাইকেল তল্লাশি করে পুলিশ। এ সময় ক্ষিপ্ত হয়ে লিয়ন পুলিশ সদস্যদের গালিগালাজ ও হুমকি দেন।
এরপর রাত সাড়ে ৩টার দিকে পাগলপাড়া এলাকায় মো. রুহুল আমীনের বাড়িতে পুলিশ গেলে লিয়ন ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল ইজাউল হক ভুঁইয়াকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে পিঠে কোপ দেয় লিয়ন। এতে তিনি গুরুতর আহত হন।
আহত পুলিশ কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অভিযান চালিয়ে লিয়নের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়।


