চরকির অরিজিনাল ফিল্ম ‘মিউ’ নিয়ে আসছে মা, পরিবার ও পোষা প্রাণীর আবেগঘন এক গল্প। ঘর মানে শুধু মানুষের বসবাস নয়—সেখানে থাকে ভালোবাসা, অভিমান, দায়িত্ব আর নীরব নির্ভরতার সম্পর্ক। এই চলচ্চিত্রে পারিবারিক টানাপোড়েনের ভেতর দিয়ে উঠে এসেছে পোষা প্রাণীর প্রতি মানুষের দায়বদ্ধতার প্রশ্নও।
ফিল্মটি পরিচালনা করেছেন আতিক জামান। তার ভাষ্য, এটি মূলত একটি পরিবারের গল্প, যেখানে পোষা প্রাণীর উপস্থিতি কাহিনিকে দিয়েছে ভিন্ন মাত্রা। তবে কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্পর্কের জটিলতা, ভাঙাগড়া ও আবেগের সংঘাত। চরকিতে ফিল্মটি মুক্তি পাবে ৪ মার্চ রাত ১২টায় (৫ মার্চ)।
অভিনয়ে রয়েছেন সাদিয়া আয়মান, আফসানা মিমি, আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, আজিজুল হাকিম, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক বর্ণা। আজিজুল হাকিম ও আফসানা মিমি অভিনয় করেছেন বাবা-মায়ের চরিত্রে।
মা চরিত্রটি নিয়ে আফসানা মিমি বলেন, পরিবার অনেকটা রাষ্ট্রের মতো—আর মা সেখানে এক ধরনের পরিচালক। কখনও কঠোর, কখনও স্নেহশীল, আবার কখনও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য। বড় ছেলে রাফি চরিত্রে রাকিব হোসেন ইভন তুলে ধরেছেন দায়িত্বের চাপে নুয়ে পড়া এক নিম্ন-মধ্যবিত্ত তরুণের অসহায়তা।
ফিল্মটির বিশেষ আকর্ষণ সাদিয়া আয়মানের বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’, যে এই ছবিতে অভিনয় করেছে। সাদিয়ার ভাষায়, পোষা প্রাণীর আবেগ ও নির্ভরতার জায়গাটি দর্শকদের নতুনভাবে ভাবাবে। চিত্রনাট্য লিখেছেন মো আলম ভূঁইয়া; নির্মাতা ও গল্পকার যৌথভাবে সংলাপ রচনা করেছেন।


