আরও বাড়বে শীত, থাকবে শৈত্যপ্রবাহ

আরও বাড়বে শীত, থাকবে শৈত্যপ্রবাহ
কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশজুড়ে শীতের দাপটের মধ্যেই আবহাওয়া অফিস জানাল, পরিস্থিতি সহসা স্বাভাবিক হচ্ছে না। হিমেল বাতাস আর হাড় কাঁপানো আবহাওয়া চলবে আরও কিছুদিন। বরং আগামী কয়েকদিন শীত বাড়তে পারে।

টানা ক‌য়েক‌দিন ধরে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ অব্যাহত রয়েছে।

তাপমাত্রা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ভোর ও রাতের দিকে হিমেল বাতাসের কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।

এরই মধ্যে সোমবার সকালে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

এদিন বেলা ১২টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্যমতে, ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা আবহাওয়ার পূর্বাভসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা কোনো কোনো অঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ সময় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, এই শীতের দাপট এখনই কমবে না বরং মঙ্গলবার শীতের তীব্রতা আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। চলতি মাস জুড়েই এই পরিস্থিতি অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পাঁচদিনে শীত আরও বাড়বে এবং চলমান শৈত‌্যপ্রবাহ‌টি আগামীমা‌সের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad