বেইজিং হাফ ম্যারাথনে মানুষের গড়া বিশ্বরেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে চীনের একটি হিউম্যানয়েড রোবট। ২১ কিলোমিটারের এই দৌড় শেষ করতে রোবটটি সময় নিয়েছে মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ড।
এপির প্রতিবেদন অনুযায়ী, এই সাফল্য মানুষের করা বিশ্বরেকর্ডের চেয়েও দ্রুততম। চলতি বছরের মার্চে লিসবন রোড রেসে উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপলিমো একই দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছিলেন প্রায় ৫৭ মিনিট।
গত বছরের তুলনায় এ বছর রোবট প্রযুক্তির অভাবনীয় উন্নতি লক্ষ্য করা গেছে, যেখানে গতবার বিজয়ী রোবটটি সময় নিয়েছিল ২ ঘণ্টা ৪০ মিনিটের বেশি।
অত্যাধুনিক এই রোবটটি তৈরি করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অনার’। প্রতিষ্ঠানের প্রকৌশলী ডু শিয়াওদি জানান, দক্ষ দৌড়বিদদের শারীরিক গঠন অনুসরণ করে রোবটটির নকশা করা হয়েছে। এর পা প্রায় ৯৫ সেন্টিমিটার লম্বা এবং এতে উন্নত লিকুইড-কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই বিশেষ প্রযুক্তি ভবিষ্যতে শিল্পক্ষেত্রেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
প্রতিযোগিতাটিতে প্রায় ৪০ শতাংশ রোবট ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং বাকি ৬০ শতাংশ ছিল রিমোট কন্ট্রোলড। অনারের একটি রিমোট কন্ট্রোলড রোবট ৪৮ মিনিট ১৯ সেকেন্ডে দৌড় শেষ করলেও সেটি স্বয়ংক্রিয় না হওয়ায় চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি। প্রতিযোগিতার দ্বিতীয় ও তৃতীয় স্থানটিও দখল করেছে একই কোম্পানির স্বয়ংক্রিয় রোবটগুলো।
দৌড় চলাকালীন একটি রোবটকে ট্রাফিক পুলিশের মতো হাত ও কণ্ঠ ব্যবহার করে দিকনির্দেশনা দিতেও দেখা গেছে।


