কক্সবাজারের টেকনাফ উপজেলার পালংখালী খালপাড় থেকে মাটিচাপা অবস্থায় একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১ ব্লকের পাশ্ববর্তী কাটাতারের বাইরে মরদেহটি পাওয়া যায়।
নিহতের নাম ছৈয়দ মিয়া (৩৬)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা শিশু খেলতে গিয়ে মাটিচাপা অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে তারা ক্যাম্পের মাঝির মাধ্যমে বিষয়টি ১৬ এপিবিএনকে জানায়। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি ছৈয়দ মিয়ার মরদেহ।
মরদেহটি অর্ধগলিত হওয়ায় মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


