নেত্রকোনার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আছিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন সাগুলি গ্রামের ছমেদ আলী ফকিরের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুরুজ আলী ও রফিক গংদের সঙ্গে তাইজ্জত মিয়া গংদের ২১ শতাংশ বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস-বৈঠকও অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে তাইজ্জত মিয়ার পক্ষ বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে অপর পক্ষ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ সময় আছিয়া খাতুন গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহতের ভাতিজার স্ত্রী জায়েদা অভিযোগ করে বলেন, ‘আমাদের ২১ শতাংশ জমি বুরুজ আলী দীর্ঘদিন ধরে জোর করে দখল করে রেখেছেন। আমরা নিরীহ মানুষ হওয়ায় ১০-১২ বার দরবার করেও জমিতে যেতে পারিনি। স্থানীয় দরবারে আমাদের পক্ষে রায় দেওয়ার পর জমি দখলে যেতে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় আমার চাচি শাশুড়ি আহত হয়ে মারা যান।’
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


