সাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা জাল ফেলে এক টানেই ১০১ মণ ইলিশ শিকার করেছেন। বঙ্গোপসাগরের টেকনাফের শাহ পরীর দ্বীপ উপকূলে এই ইলিশ ধরা পড়ে।
রোববার বিকালে জেলেরা ইলিশগুলো শাহ পরীর দ্বীপ জেটিঘাটে নিয়ে আসেন। স্থানীয় ব্যবসায়ীরা প্রায় ৩৩ লাখ টাকায় সেসব ইলিশ মাছ কিনে নিয়েছেন।
স্থানীয় সুত্রগুলো বলছে, স্থানীয় জালিয়াপাড়ার আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ নামের একটি ট্রলারে ওই ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন ছিল ৫০০ গ্রাম থেকে এক কেজির বেশি।
ট্রলারটির মাঝি নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে ১৫ জন জেলে নিয়ে তারা সাগরে যান। প্রথমদিকে মাছ না পেলেও রোববার ভোরে এক টানেই জালে উঠে আসে বিপুল পরিমাণ ইলিশ।
তিনি জানান, পরে স্থানীয় মাছ ব্যবসায়ী ফারুকের কাছে ৩৩ লাখ টাকায় ওই মাছগুলো বিক্রি করা হয়।
শাহপরীর দ্বীপ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গনি বলেন, ‘দীর্ঘদিন সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছিল না। এতে জেলেরাও আর্থিক সংকটে পড়েছিলেন।’
তার মতে, একবারে এই বিপুল মাছ বিক্রির মাধ্যমে আগের কিছু লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব হবে ট্রলার মালিকের।
ভালো দাম পাওয়ায় এসব ইলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
টেকনাফ উপজেলা মৎস্য অফিস সুত্র জানিয়েছে, ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য সরকার প্রতিবছর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া অক্টোবর মাসে আরও ২২ দিনের নিষেধাজ্ঞা পালন করা হয়। এই নিয়ম মেনে চলার কারণেই ইলিশের উৎপাদন ও আকার বেড়েছে।


