দাফনের দুই দিন পরও খালেদা জিয়ার কবর ঘিরে মানুষের সমাগম

দাফনের দুই দিন পরও খালেদা জিয়ার কবর ঘিরে মানুষের সমাগম
বেগম জিয়ার কবর জিয়ারতে মানুষের সমাগম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার দুই দিন পরও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবরস্থানে মানুষের সমাগম কমেনি।

শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আসা নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ জিয়া উদ্যানে উপস্থিত হয়ে বিএনপির চেয়ারপারসনকে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করে তার জন্য দোয়া করেন।

এদের অনেকেই ফুল দিয়ে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান, আবার কেউ নীরবে দোয়া ও মোনাজাতে অংশ নেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সেখানে আসেন।

এ ছাড়া কবরস্থানের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এর আগে সকালে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান তার পরিবারের সদস্যরা। এ সময় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, বড় ছেলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ দলের কিছু নেতা-কর্মীরা কবর জিয়ারত করেন।

আরও পড়ুন


খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন তার পরিবারের সদস্যরা। ছবি: টাইমস

গত মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে বুধবার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিসহ লাখ লাখ মানুষের অংশগ্রহণে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হয়।

বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সমাহিত করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই।

পরদিন ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে বিজয় সরণির সড়ক মোহনায় নেতাকর্মীরা ভিড় করেন, সাধারণ ঢল নামে বিজয় সরণির সড়কে। সকাল ৯টার দিকে বিজয় সরণির সড়ক খুলে দেওয়া হলেও সমাধিস্থলে প্রবেশ পথে নিরাপত্তা রক্ষীরা সাধারণ মানুষের প্রবেশ করতে দেয়নি।

পরে দুপুরে দিকে সমাধিস্থল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলে নেতাকর্মীরা কবর জিয়ারতের সুযোগ পান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad