প্রশাসনকে উপেক্ষা করে উপজেলার হেলিপোর্ট সংলগ্ন বালুর মাঠ থেকে নিয়মিত ট্রাকে বালু ভর্তি করে গ্রামীণ সড়ক ব্যবহার করে দিনরাত ভারী ট্রাকে বালু পরিবহনের অভিযোগ উঠেছে বালু ব্যবসায়ী শাহ আলম লস্করের বিরুদ্ধে।
সোমবার সরেজমিনে জানা গেছে, ডাসার উপজেলার পশ্চিম পাশে কয়েক বছর আগে নিচু জমিতে বালু ও ড্রেজার মেশিন ব্যবহার করে পিড়ারবাড়ী অবদার খাল থেকে বলগেট ও দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে বালু ভরাটের কাজ করেন শাহ আলম লস্কর।
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুর পর তিনি বিভিন্ন স্থানে বালু বিক্রি করছেন। বালু পরিবহনের জন্য তিনি ভারী ট্রাক ব্যবহার করছেন। গ্রামীণ সড়কে নিয়মিত ভারী ট্রাকে বালু ও মাটি পরিবহনের ফলে সড়ক ভেঙে দেবে যাচ্ছে। পিচ উঠে যাচ্ছে এবং সড়কে মাটি পড়ে ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ছে।
মূলত ট্রাকে অতিরিক্ত ওজন ও অনিয়মিত চলাচলের কারণে জনদুর্ভোগ বাড়ছে এবং কোটি কোটি টাকার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি সড়কে বালু পড়ে দুর্ঘটনাও ঘটছে। এতে চলাচলকারী ছোট যানবাহনের চালক ও পথচারীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। প্রতিকার চেয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দা ও ভ্যানচালক মো. তাইম বলেন, ‘সড়কে ২৪ ঘণ্টা ভারী ট্রাক দিয়ে বালু ও মাটি পরিবহন করছে বালু ব্যবসায়ী শাহ আলম লস্কর। এতে রাস্তা ভেঙে ফাটল ধরছে। পাশাপাশি সড়কে বালু ও মাটি পড়ে থাকায় আমরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছি।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, ভারী ট্রাক ব্যবহারের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বালু ব্যবসায়ী শাহ আলম লস্করের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন জানান, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


