রাজধানী ঢাকার মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে অন্তত ছয় শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিকেজ থেকে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, গ্যাস লিকেজ না, এসি বন্ধ থাকায় শ্বাসকষ্টে ছয় শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বুধবার টাইমস অব বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা এখনো জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’
রমনা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, ‘নিহত ছয় জনই নবজাতক। ভোরে খুব কাছাকাছি সময়ে তারা মারা গেছে। দুর্ঘটনার কারণ এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।’
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘ছয় নবজাতক শিশুসহ ১১ জন মা পোস্ট অপারেটিভ রুমে ছিলেন। ঠান্ডা অনুভূত হওয়ায় এসি বন্ধ রাখতে অনুরোধ করেন এক নবজাতকের মা। পরে নার্স এসি ১ ঘণ্টার মতো বন্ধ রাখেন। পরে গরম লাগায় তখন এসি চালু করতে বললে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি চার শিশুও অসুস্থ হয়ে পড়ে। এসময় চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যু হয়। এখানে সিআইডির ক্রাইম টিম আলামত সংগ্রহ করছে।’
হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) নাহিদা ইয়াসমিন জানান, যে ওয়ার্ডে দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে সেখানে ১১ জন মা ছিলেন। সদ্য ভূমিষ্ঠ শিশু ছিলো ছয়জন। তাদের বয়স এক থেকে দুইদিন।


