১৫০ যাত্রী নিয়ে ঢাকা থেকে সরাসরি পাকিস্তানের করাচি গেল বিমান বাংলাদেশের ফ্লাইট।
বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট করাচির উদ্দেশে যাত্রা করে। বিজি-৩৪১ ফ্লাইটটি করাচি পৌঁছায় রাত ১১টায়।
করাচি থেকে ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ শুক্রবার রাত ১২টা ০১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে।
প্রথম ফ্লাইট উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সেখানে ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সংশ্লিষ্টরা বলছেন, এই রুট চালুর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বণিজ্যের প্রসার, শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে রাত ৮টায় এবং সেটি করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। আর ফিরতি যাত্রায় করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে আসা ফ্লাইট ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে।


