মাগুরা সদর উপজেলার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বজরুক শ্রীকুন্ঠি বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মো. লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং মো. জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে দুই শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। ১০টার দিকে তাদের পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার ধারে শিশু দুটির স্যান্ডেল দেখতে পান। এরপর ডোবার পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাদের দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ইমরান হোসেন তাদের মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বালিয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইরি ব্যবস্থা নেওয়া হবে।


