গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। শুক্রবার ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকেও হারাল বিশাল ব্যবধানে। অধিনায়ক ফাহিমা খাতুনের অলরাউন্ড পারফরম্যান্সে মাত্র ১১০ রানের পূঁজি নিয়েও ম্যাচ জিতল ৫৪ রানে। একইসাথে ২০ বল হাতে রেখে পাওয়া এই জয়ে নিশ্চিত হলো ফাইনালও। আগামী ২২ ফেব্রুয়ারির ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
ব্যাংককের টার্নিং উইকেটে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম তিন ব্যাটার ফিরেছে ৪৪ রানের মধ্যে। এরপর চারে নেমে ফাহিমার ৩২ বলে ৪০* রানের ইনিংসে উইকেটে শেষ পর্যন্ত ছিলেন ফাহিমা। দলকে লড়াইয়ের রসদ এনে দিয়ে বল হাতেও দেখিয়েছেন লেগ স্পিনের জাদু। ৩ ওভার বল করে মাত্র ৬ রানে নেন ২ উইকেট। পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ৫৬ রানে।
রান তাড়ায় নেমে একেবারেই সুবিধা করতে পারেনি পাকিস্তান। ফারিহা তৃষ্ণা, ফাহিমার জোড়া আঘাতে ৯ রানেই হারায় প্রথম দুই উইকেট। মিডল অর্ডারে ধস নামে সানজিদা মেঘলার স্পিন জাদুতে। ৩.৪ ওভার বল করে ৬ রানে ৩ উইকেট নেনে এই বাঁহাতি স্পিনার। কেবল এক উইকেট পেলেও ৪ ওভারে মাত্র ১১ রান দিয়েছেন ফাতেমা। সব মিলিয়ে বাংলাদেশের স্পিন জালে ধরা পড়ে ৫৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ব্যাটারের পর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ছন্দে থাকা লতা মন্ডলও ফিরেছেন ৫ রান করে। ফাহিমার ৫ চারে ৩২ বলে ৪০* রানের ইনিংসে দলীয় শতক পেরোয় বাংলাদেশ। টার্নিং উইকেটে সেটাই অবশ্য জয়ের জন্য যথেষ্ট হয়েছে বাংলাদেশের।


