ইরানের সবশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুশি নন’ বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বেশ অসন্তুষ্ট। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সম্ভাবনা এক গোলকধাঁধার মধ্যে ঘুরছে।
রয়টার্সের খবরে বলা হয়, ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটন যুদ্ধ বন্ধের স্থায়ী চুক্তি না করা পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখা হবে এবং উপসাগরীয় অঞ্চলে বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধ মীমাংসার পরই কেবল এ বিষয়টি আলোচনায় আনা হবে।
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশ কম। যুক্তরাষ্ট্র চায় যেকোনো আলোচনার শুরুই হবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে।
ইরানের সবশেষ প্রস্তাবের পর সোমবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই বৈঠক উপস্থিত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে জানান, এই কারণেই ট্রাম্প ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র কোনো ‘সংবাদমাধ্যমের মাধ্যমে’ আলোচনা করবে না এবং তারা আলোচনার শর্তগুলোর বিষয়ে স্পষ্ট অবস্থানে রয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ হতে থাকায় বিশ্ববাজারে ফের জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে।
সিটি ইনডেক্স এবং ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘তেল ব্যবসায়ীদের জন্য এখন আর কথার লড়াই গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো হরমুজ প্রণালি খুলে দিয়ে অপরিশোধিত তেলের প্রকৃত প্রবাহ নিশ্চিত করা।’


