নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তানজিনা আক্তার ওই গ্রামের শেখ মুজাম সেন্টুর মেয়ে। সে স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তানজিনা তার নিজ ঘরে ছিল। সে সময় বাড়ির পাশে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রপাতের সেই প্রচণ্ড শব্দে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিক স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যায়।
চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের শব্দে ওই কিশোরী মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ‘ঘটনাটি আমরা শুনেছি। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানতো পারব।’


