মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৮তম আসরে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। উৎসবের ‘আর্টকোর’ সেকশনে অফিসিয়ালি মনোনীত হয়েছে ভাবনা অভিনীত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’, যার প্রদর্শনী হতে যাচ্ছে ১৮ এপ্রিল। আসিফ ইসলামের এই সিনেমায় ভাবনাকে দেখা যাবে বিলীন হতে যাওয়া যাত্রাপালার এক আবেদনময়ী নৃত্যশিল্পীর চরিত্রে, যেখানে আমাদের দেশীয় প্রাচীন এক শিল্পমাধ্যমের সূর্যাস্তের আখ্যান ফুটে উঠেছে।
উৎসবের রেড কার্পেটে দ্যুতি ছড়িয়েছেন ভাবনা। সেখানে বিদেশের কোনো দামী ব্র্যান্ডের বদলে নিজের দেশের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভাবনা বেছে নিয়েছেন দেশীয় পোশাক। ডিজাইনার তন্বী কবিরের নকশা করা একটি আকর্ষণীয় সিঁদুর লাল কাতান ওভারকোটে মস্কোর উৎসব প্রাঙ্গণে রীতিমতো নজর কেড়েছেন তিনি।
ডিজাইনার তন্বী জানান, এই পোশাকটি কোনো শাড়ি কেটে নয়, বরং তাতে বিশেষভাবে কাপড় বুনে তৈরি করা হয়েছে যেখানে আদি বেনারসি মোটিফ ব্যবহার করা হয়েছে। কালো ফিটেড প্যান্ট ও টপের সঙ্গে জৌলুসপূর্ণ এই কাতান কোট এবং কন্ট্রাস্ট সবুজ স্টেটমেন্ট নেকপিসে ভাবনার উপস্থিতি ছিল রাজকীয়।
মস্কো থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, বিদেশের মাটিতে নিজের অভিনীত সিনেমার প্রিমিয়ার হওয়া একজন অভিনয়শিল্পী হিসেবে তার জন্য অনেক বড় পাওনা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ক্যারিয়ারের শুরু থেকে তিনি কখনোই কোনো ‘গ্যাং’ বা ‘সার্কেল’ মেইনটেইন করেননি। শিল্পী হিসেবে তার যাত্রাটা সহজ ছিল না এবং তিনি মনে করেন প্রকৃত শিল্পী হওয়ার পথ সবসময় মসৃণ হয় না। তিনি আরও বলেন, দেশের সিনেমার বিশ্বজয়ে সরকারের সহযোগিতা থাকলে এই পথচলা আরও ফলপ্রসূ হতে পারে।
সিনেমাটিতে নিজের চরিত্রায়ন নিয়ে ভাবনা বেশ আশাবাদী। দর্শক ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি যেন সিনেমাটি বিদেশের এই নামী উৎসবে সম্মাননা বয়ে আনতে পারে। নিজের কাজের মাধ্যমে দেশীয় ফ্যাশন ও চলচ্চিত্রকে বিশ্বের সামনে সগর্বে তুলে ধরার এই প্রয়াসে প্রশংসিত হচ্ছেন ভাবনা। তার মতে, ‘অডিয়েন্স ইজ অলয়েজ রাইট’, আর তাই দর্শকদের ভালোবাসাই তাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।


