চট্টগ্রামের পটিয়ায় মহিষ চরানোকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. হাসান বাবু (১৬) নামের এক কিশোরকে গলা টিপে হত্যার ঘটনায় মামলার মূল আসামি মো. জয়নাল আবেদীন ওরফে লিমনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিমন সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, রোববার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরানগিরি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিরোধের জেরে কয়েকজন মিলে হাসান বাবুকে মারধর করে এবং গলা টিপে হত্যা করে। পরে তার মরদেহ ঘটনাস্থলের পাশের একটি খালের ঢালে ফেলে রেখে যায় অভিযুক্তরা।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান চালায়। অভিযানে সোমবার রাত আনুমানিক ১টা ১০ মিনিটে মামলার মূল আসামি জয়নাল আবেদীন ওরফে লিমনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিসহ পাঁচজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে পটিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


