বিএনপির সমর্থন প্রত্যাশা করে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মেয়ে আইরীন মাহবুব। তিনি নেত্রকোনা-৫ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন নিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেনের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আইরীন মাহবুব বলেন, ‘সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও দীর্ঘদিন ধরে বিএনপির আইনজীবী হিসেবে বিভিন্ন মামলা পরিচালনা করেছি। আমার বাবা সবসময় উৎসাহ দিয়েছেন।’
বিএনপি থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পেয়েছেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিএনপির বাইরের কেউ নই। দলের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ করব।’
এর আগে, ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।


