বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকা থেকে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা।
গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সাগর মোহনায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। অপহৃতদের উদ্ধারে সুন্দরবনে অভিযান শুরু করেছে বনরক্ষীরা।
অপহৃত জেলেরা হলেন— পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। দস্যুদের কবজায় আরও কয়েকজন জেলে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, রাতে ফুসফুসের চরের কাছে সাগর মোহনায় জেলেরা মাছ ধরছিলেন। এ সময় ১৫ থেকে ১৬ জনের একদল সশস্ত্র বনদস্যু জেলেদের নৌকা ও ট্রলারে হামলা চালায়। তারা একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের ভেতরে নিয়ে যায়। দস্যুদের পরনে বিশেষ পোশাক ছিল।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বুধবার দুপুরে জানান, অপহরণের খবর পেয়ে বনরক্ষীরা রাতেই দস্যুদের ধরতে সুন্দরবনে অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত অপহৃত জেলেদের সন্ধান পাওয়া যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, সুন্দরবনে ১৭ জন জেলে অপহরণের খবর তিনি শুনেছেন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


