উখিয়া-টেকনাফে ১৭০ রোহিঙ্গা আটক, ‘মাঝিদের’ জিম্মায় হস্তান্তর

উখিয়া-টেকনাফে ১৭০ রোহিঙ্গা আটক, ‘মাঝিদের’ জিম্মায় হস্তান্তর
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের উদ্দেশে বাইরে আসা নারী-পুরুষ ও শিশুসহ ১৭০ জন রোহিঙ্গাকে আটক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের উদ্দেশে বাইরে আসা নারী-পুরুষ ও শিশুসহ ১৭০ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের নেতা বা ‘মাঝিদের’ জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ও অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩২ জন শিশু।

জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘মাঝি’ ইসমাইল বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং ও বৈঠকের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তবে কেউ কাজের খোঁজে, কেউ চিকিৎসার জন্য, আবার কেউ মাছ ধরতে গিয়ে বাইরে আসে। বিজিবি তাদের আটক করে পরে মাঝিদের জিম্মায় দেয়।

টেকনাফ ব্যাটালিয়ন-২ (বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে আসায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হচ্ছে। অপহরণ, মানবপাচার, মারামারি, খুন-গুমসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে যাওয়া রোধে টেকনাফ-উখিয়া এলাকায় নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক রোহিঙ্গাদের যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ক্যাম্পের মাঝিদের জিম্মায় হস্তান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad