রাজধানীর মতিঝিলস্থ বাফুফে ভবনের তৃতীয় তলায় শনিবার পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভার নির্যাস নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হলেন কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। আলোচনার শুরুতেই তিনি নিশ্চিত করলেন ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের আসর বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগের (বিসিএল) সূচি। আগামী ২৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বিসিএলের ২০২৫-২৬ মৌসুমের লড়াই। চারটি ভেন্যুতে আয়োজিত এই আসরের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম এরই মধ্যে ১৫ জানুয়ারি শেষ হয়েছে।
তবে এই সভার সবচেয়ে আকর্ষণীয় সিদ্ধান্ত ছিল দেশের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ‘স্বাধীনতা কাপ’ নিয়ে। দীর্ঘ বিরতির পর আবারও জমজমাট রূপে ফিরছে এই আসর। ১৯৭২ সালে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে। ইমরুল হাসান জানালেন, আগামী ৫ মে থেকে শুরু হবে এবারের স্বাধীনতা কাপ, যা চলবে ২৩ মে পর্যন্ত।
স্বাধীনতা কাপের নতুন আঙ্গিক নিয়ে ইমরুল হাসান বলেন, ‘স্বাধীনতা কাপ আমরা এবার লিগ শেষে অনুষ্ঠিত করব। এই আসরে আমরা বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ১০টি দলের বাইরেও তিনটি সার্ভিসেস টিমকে আমন্ত্রণ জানাব, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। এ ছাড়া বিসিএলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিম এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলসহ মোট ১৬টি দল নিয়ে চারটি ভেন্যুতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।’
গ্যালারিতে দর্শকদের উন্মাদনা ফেরাতে এবং টুর্নামেন্টকে আরও জাঁকজমক করতে বাফুফে এবার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এর পাশাপাশি আগামী বছরের পূর্ণাঙ্গ ফুটবল ক্যালেন্ডারও চূড়ান্ত করা হয়েছে, যা শিগগিরই ক্লাবগুলোর হাতে পৌঁছে দেওয়া হবে।
এদিকে লিগের ফিকচার রিশিডিউল বা পেছানো নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি অনুরোধের বিষয়েও সভায় আলোচনা হয়। সিঙ্গাপুর উইন্ডোর কারণে লিগে যে গ্যাপ তৈরি হয়েছে, তা নিয়ে ক্লাবগুলোর উদ্বেগের বিষয়ে জানতে চাইলে ইমরুল হাসান বেশ বাস্তবসম্মত যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা সবদিক বিবেচনা করে দেখেছি, যদি এক রাউন্ড পিছিয়ে দিতে যাই তবে লিগ মে মাসের ৪ বা ৫ তারিখ পর্যন্ত চলে যাবে। এই তিন-চার দিনের জন্য ক্লাবগুলোকে বিদেশি ফুটবলারদের পুরো মাসের বাড়তি বেতন দিতে হবে, যা তাদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে। তাই ক্লাবগুলোর স্বার্থেই বর্তমান ফিকচার অনুযায়ী ২৯ এপ্রিল লিগ শেষ করাই সবার জন্য সুবিধাজনক।’
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৩ বারের রেকর্ড শিরোপা আর বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের দাপটের ইতিহাস সঙ্গী করে মে মাসের তপ্ত দুপুরে স্বাধীনতা কাপের ১৬ দলের লড়াই দেশের ফুটবলকে নতুন প্রাণের ছোঁয়া দেবে এমনটাই প্রত্যাশা ফুটবলবোদ্ধাদের।


