ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি টহল গাড়ি সড়কের পাশের খাদে পড়ে চার সেনাসদস্য আহত হয়েছেন। শনিবার সকালে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দানের সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি টহল পিকআপ ভ্যানকে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে একটি বাঁশঝাড়ে আছড়ে পড়ে। একই সময় ট্রাকটিও সড়কের অপর পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি থেকে নেমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আহত চার সেনাসদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাভিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


