হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি শ্মশানঘাট থেকে ভীম লাল দাশ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ভীম লাল দাশ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পাঠলী গ্রামের মৃত মনোরঞ্জন দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ভীম লাল দাশ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে বুধবার সকাল ৮টার দিকে গয়াহরি গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে যাওয়ার সময় শ্মশানঘাটে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দুলাল মিঞা জানান, মরদেহে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি আগে থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে শ্মশানঘাট এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।


