পানি সম্পদ উপদেষ্টা মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির নেতৃত্বে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে বাম ঐক্যের অসামান্য ভূমিকা ছিল।
তিনি বলেন, গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন।
বুধবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতাবিরোধীদের গণতন্ত্র নস্যাৎ করার হুমকি মোকাবিলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয় বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিরোধী দলের উদ্দেশে শহীদউদ্দীন চৌধুরী বলেন, সরকার দায়িত্ব নিয়েছে এখনো ছয় মাসও হয়নি। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়, অথচ তারা এখনই সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চায়।
তিনি আরও বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট হাসিনার দেশে আসার পথ যারা তৈরি করতে চায়, এর দায়দায়িত্ব তাদের নিতে হবে। এ দেশের জনগণ রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করেছে। সামনের দিনেও রাজপথ থেকেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম প্রমুখ।


