কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ পায়। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিয়ে স্তম্ভটিতে আগুন ধরিয়ে দিচ্ছে।
এদিকে স্টেডিয়াম এলাকায় পুলিশ পাহারা থাকা সত্ত্বেও কীভাবে এ ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
স্থানীয় বাসিন্দা রাসেল হাসান জানান, সকালে খবর পেয়ে তারা বিষয়টি জানতে পারেন। ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হলেও শুরুতে তারা তা গুরুত্ব দেননি বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। অবিলম্বে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনি আওতায় আনার দাবি জানান তিনি।
একই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুলতান মারুফ তালহা দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অগ্নিসংযোগের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দীন বলেন, ‘সেখানে আমাদের পুলিশ পাহারায় ছিল। ঘটনাটি জানার পর আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


