জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আগামী ১০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগ আমলে নিয়ে মামলার প্রধান আসামি সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখাতে প্রসিকিউশনে আবেদন করা হয়েছে।
১০ ডিসেম্বরে শুনানির সময় তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার নথি অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিন সপ্তাহব্যাপী আন্দোলনের সময় হঠাৎ হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ ছিল। এ ছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো ১৩ দিন বন্ধ থাকে, যা স্বাভাবিক হয় ৫ আগস্ট দুপুরে।
প্রসিকিউশনের দাবি, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে তিনি সংগঠিতভাবে এ হত্যাকাণ্ডে সহায়তা করেন। এরই মধ্যে জয় ও পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।


