রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার সন্ধ্যায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।
তিনি বলেন, কিছুক্ষণ আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাইমন মৃত্যুবরণ করেছেন। সেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন। তারাই হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করবেন।
এর আগে শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে ঘুমের মধ্যে হঠাৎ খাট থেকে পড়ে যান সাইমন। এ সময় তার শরীর শক্ত হয়ে গেলে সহপাঠীরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে রামেক হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। জরুরি পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।


