শিক্ষার্থীদের দাবির মুখে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক সাজ্জাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান।
নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদের সই করা এক অফিস আদেশে বলা হয়, ‘বুধবার উদ্ধৃত জরুরি পরিস্থিতিতে সকল ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট এবং অফিস প্রধানের উপস্থিতিতে আলোচনাক্রমে ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর অনুচ্ছেদ ১১(১২) মোতাবেক আপনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হওয়ায় আপনাকে নিয়মিত দায়িত্ব পালন হতে সাময়িকভাবে বিরত রাখা হলো। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো।’
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, রেজিস্ট্রার তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার মধ্যদিয়ে তাদের আন্দোলন আংশিকভাবে পূরণ হলো।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান বলেন, ‘রেজিস্ট্রারের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এ কারণে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা দেন এবং ভাইস-চ্যান্সেলরের কাছে দুই দফা দাবি উত্থাপন করেন।
পরে ছাত্রদল ও শিবির তালা খুলে দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পুনরায় বুধবার তারা তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে শর্তসাপেক্ষে তালা খুলে দেন শিক্ষার্থীরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে- বিচার কমিটি গঠন না হওয়া ও রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিস তালাবদ্ধ রাখা এবং বুধবারের মধ্যে মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের রোডম্যাপ প্রকাশ করা।


