চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও একটি ট্রলারসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হাতিয়া কোস্ট গার্ড স্টেশন মঙ্গলবার রাত ৩টার দিকে হাতিয়ার মৌলভী চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা।
এ সময় পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারটি জব্দসহ তিন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, জব্দ করা মালামাল, ট্রলার ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


