দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সারা দেশে ৭২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতিত) ১০৭ জন, বরিশাল বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহত দুজন বরিশাল ও খুলনা বিভাগের।
বিজ্ঞপ্তির তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ২১ হাজার ৫৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে ১৯ হাজার ৮৯৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে সর্বমোট ১ হাজার ৫৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন (যার মধ্যে ঢাকা মহানগরেই ৩৪০ জন)।
উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৬ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৩ দশমিক ৬ শতাংশ হলেও মৃত্যুর ক্ষেত্রে নারীদের হার বেশি (৬১ দশমিক ৯ শতাংশ), আর বয়সভেদে ২৬ থেকে ৩০ বছর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।


