মারাত্মক সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা কয়েকটি পাখির প্রজাতিকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার দেশটির কতৃপক্ষ এই পদক্ষেপের কথা জানায়।
বিশ্বজুড়ে হাঁস-মুরগি ও বন্য পাখির মৃত্যুর কারণ হলেও দীর্ঘদিন অস্ট্রেলিয়া মহাদেশ এই ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত ছিল। তবে গত জুনে এক পরিযায়ী সামুদ্রিক পাখির দেহে প্রথম সংক্রমণ ধরা পড়ে এবং সম্প্রতি বন্যপ্রাণীর মাঝেও প্রথমবার ব্যাপক পাখি মৃত্যুর ঘটনা দেখা যায়।
পরিস্থিতি মোকাবেলায় বন্য ও খাঁচাবন্দি–উভয় ধরনের পাখির জন্য লক্ষ্যভিত্তিক টিকাদান কর্মসূচি চালু করা হচ্ছে। দেশের পরিবেশমন্ত্রী মারে ওয়াট জানান, বন্য পাখিকে ধরে দুই ডোজ টিকা দেওয়া বেশ কঠিন। তাই বন্য পাখির ক্ষেত্রে সম্ভব হলে টিকা দেওয়া হলেও প্রথম অগ্রাধিকার থাকবে বন্দি পাখিদের ওপর।
কৃষিমন্ত্রী জুলি কলিন্স সতর্ক করে জানান, এ ভাইরাস দেশজুড়ে আরও ছড়াবে এবং আরও ব্যাপক পাখি মৃত্যুর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
এইচ৫ ভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে মূলত জলচর, তীরবর্তী, সামুদ্রিক ও শিকারি পাখি। সোমবার পর্যন্ত অস্ট্রেলিয়ায় ২৩১টি নিশ্চিত বা সম্ভাব্য সংক্রমণের ঘটনা পাওয়া গেছে, যদিও বাণিজ্যিক খামারে এখনো এর উপস্থিতি শনাক্ত হয়নি।
অস্ট্রেলিয়ার বন্য পাখির প্রায় অর্ধেক এবং ৮৩ শতাংশ স্তন্যপায়ী প্রাণী পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না।


