ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
সোমবার থেকে তাদের এই কর্মবিরতি শুরু হচ্ছে। শিক্ষক নেতারা বলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে।
এর আগে রোববার সকাল ১০টার দিকে চাকরি জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা।
সমাবেশ ছত্রভঙ্গ করতে বেলা ১টা ৫০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষকদের ওপরে চড়াও হয় পুলিশ। এ সময় ওই সমাবেশে দফায় দফায় পুলিশের লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
জলকামান ও সাউন্ড গ্রেনেডে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পুলিশ শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে। তবে শিক্ষকরা দফায় দফায় রাস্তায় ফিরে এসে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকে।
পরে প্রেসক্লাবের সামনের সড়ক থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা। শিক্ষক নেতাদের নেতৃত্বে একটি অংশ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়।
রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে শিক্ষক নেতারা বলেন, তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত তাদের লাগাতার কর্মসূচি চলবে।


